ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া সাজা ও বিচারাধীন মামলাগুলোর আইনি মোকাবিলা করা।
রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চিফ প্রসিকিউটর এ মন্তব্য করেন।
এ সমময় তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র দায়ে শেখ হাসিনার সাজা হয়েছে, আওয়ামী লীগের সভাপতি হিসেবে নয়। আইন অনুযায়ী রায় ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ থাকলেও সেই সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে।
শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে করা এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আপিল করতে চাইলে বিষয়টি তখন আপিল বিভাগ বিবেচনা করবে। এ বিষয়ে আগাম কোনো মন্তব্য করা সম্ভব নয়। তিনি আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে শাপলা চত্বরের ঘটনাসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলার তদন্ত ও প্রতিবেদন দাখিলের প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম আরও বলেন, শাপলা চত্বর মামলায় হাসানুল হক ইনুকেও আসামি করা হবে। তার দাবি, ২০১৩ সালের ৫ মে-পরবর্তী সময়ে দুটি টেলিভিশন চ্যানেল বন্ধ এবং গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তৎকালীন তথ্যমন্ত্রী হিসেবে ইনুর সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় স্নাইপার রাইফেল ব্যবহারের প্রমাণও তদন্তে পাওয়া গেছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর।