নওগাঁ শহরের প্যারীমোহন (পি.এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এমপি জাহিদুল ইসলাম ধলু নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং তিনি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আজিজ জাহান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, খায়রুল আলম গোল্ডেন, এমপির সহধর্মিণী হুসনী আখতার, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানু। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ধলু বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষার প্রসার ও গুণগত মান বৃদ্ধিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের মাধ্যমে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষায় সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়টিতে ৬ তলা ভিত্তিবিশিষ্ট ২ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।