জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ এবং সাইবার সুরক্ষা (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিল দুটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।
রবিবার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আন্দালিভ রহমান পার্থ।
বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির সদস্য এ. এম. মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন এবং আলফারুক আব্দুল লতীফ উপস্থিত ছিলেন।
বিশেষ আমন্ত্রিত হিসেবে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বিল দুটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সেগুলো চূড়ান্ত পর্যালোচনা করে সংসদে প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।