কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
ঘুষ প্রদানের প্রস্তাব সংক্রান্ত জনসমক্ষে দেওয়া বক্তব্যের বিষয়ে তদন্তপূর্বক তাকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান।
সোমবার (২২ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে তিনি এই আবেদন জমা দেন।
এর আগে একই ঘটনায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ বন্ধ রাখার বিনিময়ে ৫০ কোটি টাকা ঘুষ প্রস্তাবের বিষয়ে জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়ে সংসদ সদস্য আমির হামজাকে একটি আইনি নোটিশও পাঠিয়েছিলেন তিনি।
দুদকে দাখিল করা আবেদনে বলা হয়েছে, কিছু ব্যক্তি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ বন্ধ রাখার বিনিময়ে এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকা ঘুষ প্রদানের প্রস্তাব দিয়েছেন—এটি একটি গুরুতর দুর্নীতিমূলক অপরাধ, যা রাষ্ট্র ও জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তবে সংসদ সদস্যের বক্তব্যে ঘুষ প্রস্তাবকারীদের পরিচয়, সময়, স্থান বা কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তও হয়নি।
আবেদনে আরও বলা হয়, ১ এপ্রিল ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশের দাবিতে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। এ কারণে বিষয়টি নিয়ে দুদকে এসে অভিযোগ দাখিল করা হয়েছে।
আবেদনকারীর দাবি, আমির হামজার বক্তব্যের সত্যতা নিশ্চিত করতে একটি তদন্ত পরিচালনা করা হোক এবং প্রয়োজনে তাকে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক।