চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১০ কোটি ৬৮ লাখ ডলারের সমান।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছর একই সময়ে দেশে এসেছিল ১৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা এবার বেড়ে ১৮১ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১৭ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ১০ শতাংশ বেশি।
এর আগে মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, আর মার্চে আসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার।
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ছিল ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, আর নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
অক্টোবরে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার), যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।