রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযানে তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।
বুধবার (১৭ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সড়ক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসির মুখপাত্র মো. রাসেল রহমান জানান, প্রথমে ধোলাইপাড় খালপাড় রোড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে খালপাড় সংলগ্ন সড়কটি সম্পূর্ণভাবে দখলমুক্ত হয়ে পথচারীদের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়।
পরবর্তীতে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং যাত্রাবাড়ী মোড় থেকে শহীদ ফারুক সড়ক পর্যন্ত অংশে অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পাশাপাশি পুরো এলাকা পরিষ্কার করে যানবাহন ও পথচারীদের চলাচলের উপযোগী করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধ দখল ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।