যুক্তরাষ্ট্রের গ্র্যামি-মনোনীত র্যাপার ও গায়ক মিস্টিক্যালকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে লুইজিয়ানার একটি আদালত। ২০২২ সালের একটি ধর্ষণ মামলায় দোষ স্বীকার করার পর মঙ্গলবার (১৬ জুন) এই রায় ঘোষণা করা হয়। ৫৫ বছর বয়সী এই গায়কের আসল নাম মাইকেল টাইলার।
চলতি বছরের মার্চে তিনি ধর্ষণের অভিযোগে দোষ স্বীকার করেন। স্থানীয় গণমাধ্যম ও আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের ঘটনায় ভুক্তভোগী জানান, টাইলার তাকে মারধর, শ্বাসরোধ এবং জোরপূর্বক ধর্ষণ করেন এবং তিনি সর্বোচ্চ শাস্তির আবেদন করেন।
শুনানির আগে আদালতে টাইলার বলেন, যদি আমি সত্যিই এটা করে থাকি, তাহলে আমি সর্বোচ্চ শাস্তিরই যোগ্য। ২০২২ সালের জুলাইয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে প্রথম ডিগ্রি ধর্ষণ, ডাকাতি, ঘরোয়া সহিংসতা, অবৈধভাবে আটকে রাখা ও সম্পত্তি ধ্বংসের মতো একাধিক অভিযোগ আনা হয়।
তার আইনজীবীরা দোষ স্বীকারের সিদ্ধান্ত প্রত্যাহারের চেষ্টা করলেও আদালত তা নাকচ করে দেয়। এর আগে ২০০৩ সালে যৌন নির্যাতনের মামলায় দোষ স্বীকার করে তিনি ছয় বছর কারাভোগ করেন এবং ২০১০ সালে মুক্তি পান। ২০১৭ সালেও তার বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগ উঠেছিল, তবে প্রমাণের অভাবে তা বাতিল হয়।
১৯৯০-এর দশকের শেষ দিকে ‘নো লিমিট রেকর্ডস’-এর মাধ্যমে খ্যাতি পাওয়া এই শিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ড্যান্সার’।