প্রিয় দল আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে উচ্ছ্বাসে ভাসলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার জয় দিয়ে শুরু হওয়া অভিযানের আনন্দ তিনি ভাগ করে নিয়েছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
বুধবার (১৭ জুন) ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে রাজ্যকে নিয়ে কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, আর্জেন্টিনার জয়ের আনন্দে ছোট্ট ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।
ফুটবলপ্রেমী পরীমণির পোস্টে ফুটে উঠেছে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা এবং মাতৃত্বের আবেগ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি। মাশাআল্লাহ।’
সংক্ষিপ্ত এই ক্যাপশনেই ভক্তদের দৃষ্টি কাড়েন অভিনেত্রী। পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভালোবাসা ও শুভকামনা জানান অনুসারীরা। অনেকেই ছোট্ট রাজ্যকে ‘ভবিষ্যতের মেসি’ বলে আখ্যায়িত করেছেন। আবার কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘মেসির পর এবার রাজ্যের পালা।’
পরীমণির এই পোস্টে ফুটবল উন্মাদনা ও মাতৃত্বের আবেগের সুন্দর মেলবন্ধন দেখতে পেয়েছেন নেটিজেনরা। অনেকের মতে, আর্জেন্টিনার রঙে ছোট্ট রাজ্যকে বেশ মানিয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘মায়ের মতো ছেলেও আর্জেন্টিনা সমর্থক হয়ে বড় হবে।’
বর্তমানে অভিনয়ের পাশাপাশি ছেলে রাজ্যকে ঘিরেই বেশি সময় কাটছে পরীমণির। ব্যস্ততার মাঝেও সন্তানের নানা মুহূর্ত নিয়মিত সামাজিকমাধ্যমে শেয়ার করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো আর্জেন্টিনার জয় উদযাপনের এই বিশেষ মুহূর্ত।