মানুষ যাতে নিজ এলাকার কাছেই স্বল্প খরচে ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৭ জুন) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘরসহ সেবাসংক্রান্ত একাধিক বিভাগ ঘুরে দেখেন। প্রায় দেড় ঘণ্টা তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা হাসপাতাল এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এতে দরিদ্র রোগীরা কম খরচে নিজ এলাকার কাছেই চিকিৎসাসেবা নিতে পারবেন। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে তিনি বলেন, একটি সমন্বিত চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হবে। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং মর্গে ফ্রিজার সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি ও সেবার মান নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
চিকিৎসক সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে পর্যাপ্ত জনবল নিয়োগ ও প্রশিক্ষণের ঘাটতি ছিল। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানো হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি রাজবাড়ী সদর হাসপাতালে ১৪ জন চিকিৎসক পদায়ন করা হলেও তাদের মধ্যে ছয়জন এখনো যোগ দেননি। একজন চিকিৎসক দীর্ঘদিন অনুপস্থিত থেকে অন্যত্র কর্মরত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে সাত দিনের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু না থাকা প্রসঙ্গে মন্ত্রী জানান, আইসিইউসহ ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে টেন্ডার ও সংশ্লিষ্ট সভা সম্পন্ন হয়েছে। বাজেটে ডায়ালাইসিস সেবার ব্যয় কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন হাসপাতালে নতুন আইসিইউ, ভেন্টিলেটর, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, সি-প্যাপ ও অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।