সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১৩৬ শিশুর শরীরে।
মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এর লক্ষণ নিয়ে মারা গেছে আরও ৫৬৪ শিশু।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩৯ শিশু মারা গেছে ঢাকায়। আর রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৯৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৬ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
গত একদিনে হামের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৩৪২ রোগী এসেছে। রংপুরে আর সবচেয়ে কম ২৮ রোগী ভর্তি হয়েছেন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮৭ হাজার ৯২৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। আর পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ৫২৩ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।