২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তারা দুজনেই ওপর মহলের নির্দেশে সংবাদ প্রচার করা হয়েছে জানিয়ে নিজেদের দায় অস্বীকার করেছেন।
বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি সপ্তাহে একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে একদিন করে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তারা জানান, যা কিছু হয়েছে সবই ওপরের নির্দেশেই করেছেন। এছাড়া গত ৫ আগস্টের আগে-পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে, মোজাম্মেল বাবু সেগুলো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি বলে দাবি করেন।
এর আগে, ৭ জুন রুপা ও বাবুকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়। একইসঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়।
এ মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন। রুপা-বাবু ছাড়া অন্যরা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।