৫৩ বছর পর প্রথমবারের মতো এনবিএ ফাইনালে জয় পাওয়ার পর নিউ ইয়র্ক নিকসের সমর্থকদের উল্লাস সহিংসতায় রূপ নিলে নিউইয়র্ক সিটিজুড়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, রোববার ভোররাত পর্যন্ত চলা উদযাপনের সময় অন্তত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চারটি ছুরিকাঘাত এবং একটি গুলির ঘটনার খবর পাওয়া গেছে।
পুলিশের মতে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, অবৈধ অস্ত্র রাখার অভিযোগ, ভাঙচুর, বিশৃঙ্খল আচরণ, গ্রেপ্তারে বাধা এবং সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
এই সহিংসতার মধ্যে এনওয়াইপিডির অন্তত ১০ জন সদস্য আহত হন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা কাঁচের বোতলের আঘাতে আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্কুলবাস ও ব্যক্তিগত গাড়িতে ব্যাপক ভাঙচুরের দৃশ্য দেখা গেছে।
এদিকে, ১৭ বছর বয়সী এক কিশোর পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল বলে জানান।
পুলিশ আরও জানিয়েছে, মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল দর্শকদের পরিবহনের জন্য ব্যবহৃত পাঁচটি স্কুলবাস উচ্ছৃঙ্খল সমর্থকদের হামলায় আগুনে পুড়ে যায় বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ অতিরিক্ত গ্রেপ্তারের সম্ভাবনার কথাও জানিয়েছে।