ওমানের দুকম বন্দরে নোঙর করা একটি তেলবাহী ট্যাংকারে কর্মরত ভারতীয় এক নাবিকের মৃত্যু হয়েছে। সেলেস্টিয়াল নামের জাহাজটিতে ওই নাবিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু হয়।
শনিবার (১৩ জুন) রাতে মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে দূতাবাস জানায়, এমটি সেলেস্টিয়াল নামের জাহাজে কর্মরত ওই ভারতীয় নাগরিক অসুস্থতাজনিত কারণে মারা যান। তার মরদেহ দ্রুত ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারতের ফরোয়ার্ড সিমেনস ইউনিয়নের তথ্য অনুযায়ী, নিহত নাবিকের নাম নিশান্থ উর্থানাথন (৩৫)। তিনি গত ১১ জুন মারা যান। তবে মৃত্যুর পর দুই দিনেরও বেশি সময় তার মরদেহ জাহাজেই রাখা হয়েছিল দাবি করেছে সংগঠনটি।
ইউনিয়নের অভিযোগ, জাহাজে মরদেহ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমায়ন ব্যবস্থা না থাকায় জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে মরদেহের পচন রোধে সহকর্মীরা ঠান্ডা পানির বোতল ব্যবহার করতে বাধ্য হন, যা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
ভারতীয় নৌপরিবহন খাতের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন জাহাজে বর্তমানে তিন লাখের বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এর মধ্যে ১৮ হাজারেরও বেশি নাবিক মধ্যপ্রাচ্য অঞ্চলে কাজ করছেন।
এদিকে, এই মৃত্যুর ঘটনা ঘটল ওমান উপকূলের কাছে একটি ট্যাংকারে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই। ওই ঘটনার পর ভারতজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভারত সরকার বেসামরিক জাহাজে প্রাণঘাতী শক্তি ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক উদ্বেগও জানিয়েছে।
এ ছাড়া ভারতের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপনের আহ্বান জানিয়েছে।
সূত্র : রয়টার্স