নরসিংদী জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।
রবিবার (১৪ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী জেলার বাসিন্দা ও স্থানীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তার এলাকার এই নতুন মেডিকেল কলেজ অনুমোদনকে জেলার স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, নরসিংদী মেডিকেল কলেজ চালু হলে জেলার পাশাপাশি আশপাশের এলাকার শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষার আরও বিস্তৃত সুযোগ পাবেন। একই সঙ্গে অঞ্চলের স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক তৈরির সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।