সপ্তম শ্রেণি থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত জেলা স্টার্টআপ সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিংয়ে ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, সপ্তম শ্রেণি থেকে শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করা হবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি, নতুন ধারণা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প নিয়ে ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৩৭টি দলের অংশগ্রহণে বিভিন্ন উদ্যোগ প্রদর্শিত হয়। অংশগ্রহণকারীদের কাজ ঘুরে দেখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী, ঢাকা জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যান্য অতিথিরা। বক্তারা রাষ্ট্র বিনির্মাণে সৃজনশীল শিক্ষার গুরুত্ব এবং সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।