যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
শাহবাজ শরিফ বলেন, দুই দেশের মধ্যে পরবর্তী ধাপগুলোর প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি “অত্যন্ত কাছাকাছি” এবং শিগগিরই স্বাক্ষরের দিন-তারিখ ঘোষণা হতে পারে। একইসঙ্গে তিনি জানান, ইরানে সামরিক হামলার পরিকল্পনা থেকেও সরে এসেছেন।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের খুব কাছাকাছি পৌঁছানো হয়েছে। তবে তিনি চুক্তির বিস্তারিত নিয়ে অনুমান না করার আহ্বান জানান।
চুক্তির সম্ভাব্য কাঠামো নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। ইরানি গণমাধ্যমের বরাতে বলা হচ্ছে, খসড়ায় তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা অর্থ ফেরত দেওয়া এবং বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধবিরতির বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।
তবে এ চুক্তিতে যুক্তরাষ্ট্র কী সুবিধা পাবে—সে বিষয়ে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
এদিকে গাজা ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অস্থির। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলার খবর পাওয়া গেছে। একই সঙ্গে পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ।
সূত্র: রয়টার্স, আল জাজিরা