ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর অবসরের পর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ), খাদকওয়াসলার সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কর্পসে কমিশন লাভ করেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং কৌশলগত পরিকল্পনা, অপারেশন পরিচালনা, সক্ষমতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারে অভিজ্ঞতা অর্জন করেছেন।
সেনাবাহিনীর আধুনিকীকরণ ও ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদার সঙ্গে প্রযুক্তির সমন্বয়ে তার অবদান উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি রূপান্তর কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
কর্মজীবনে তিনি একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরের একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনীর আধুনিকীকরণ কার্যক্রমে তিনি আরও গতি আনবেন বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: এনডিটিভি