প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও একজন মানুষ শুধু রক্তের অভাবে মৃত্যুর সাথে লড়াই করছেন। সড়ক দুর্ঘটনা, জটিল অপারেশন, প্রসূতি মা, থ্যালাসেমিয়া রোগী কিংবা ক্যান্সারে আক্রান্ত অসংখ্য মানুষের জীবনের শেষ আশ্রয় হয়ে দাঁড়ায় একজন স্বেচ্ছায় রক্তদাতা। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে রক্তের কোনো কৃত্রিম বিকল্প এখনো আবিষ্কৃত হয়নি। তাই একজন মানুষের রক্তই পারে আরেকজন মানুষের জীবন বাঁচাতে।
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। এই দিনটি কেবল একটি দিবস নয়, এটি মানবতা, ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক। যারা নিজের শরীরের রক্ত দিয়ে অপরিচিত একজন মানুষের জীবন রক্ষা করেন, তারা প্রকৃত অর্থেই সমাজের নীরব বীর।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন “যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচালো।” (সূরা মায়িদা: ৩২)
এই আয়াতটি মানবসেবার গুরুত্বকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে। একজন রক্তদাতা যখন একজন অসহায় রোগীর পাশে দাঁড়ান, তখন তিনি শুধু একজন মানুষকেই নয়, একটি পরিবারকে বাঁচান, একটি স্বপ্নকে বাঁচান।
হাদিস শরীফেও মানুষের উপকার করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেন “মানুষের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।” (আল-মুজামুল আওসাত)
রক্তদান সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি করে। এটি মানুষকে স্বার্থপরতা থেকে বের করে এনে মানবসেবায় উদ্বুদ্ধ করে। একজন নিয়মিত রক্তদাতার কারণে বহু থ্যালাসেমিয়া রোগী নতুন জীবন পায়। অসংখ্য মা সন্তান জন্মদানের সময় মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পান। দুর্ঘটনায় আহত রোগীরা ফিরে পান বেঁচে থাকার সুযোগ।
রক্ত না পেলে একজন রোগী ও তার পরিবারের যে ভোগান্তি হয়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। হাসপাতালের করিডোরে অসহায় স্বজনদের রক্তের জন্য ছুটে বেড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানানো কিংবা গভীর রাতে একটি ব্যাগ রক্তের জন্য কান্না— এসব দৃশ্য আমাদের সমাজে নিত্যদিনের বাস্তবতা। অনেক সময় শুধু রক্তের অভাবে একটি তাজা প্রাণ ঝরে যায়। অথচ একজন সচেতন রক্তদাতাই পারেন এই সংকট দূর করতে।
চিকিৎসাবিজ্ঞান বলছে, নিয়মিত রক্তদানেরও নানা শারীরিক উপকারিতা রয়েছে। রক্তদান শরীরে নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং শরীরের অতিরিক্ত আয়রন নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি একজন মানুষের জীবন বাঁচানোর মানসিক প্রশান্তি তো আছেই।
আমাদের সমাজে এখনো অনেক মানুষ অযথা ভয় কিংবা ভুল ধারণার কারণে রক্তদান থেকে দূরে থাকেন। অথচ সঠিক নিয়ম মেনে সুস্থ একজন মানুষ প্রতি চার মাস পরপর নিরাপদে রক্তদান করতে পারেন। এতে শরীরের কোনো ক্ষতি হয় না বরং এটি মানবতার এক মহৎ দৃষ্টান্ত হয়ে থাকে।
বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের প্রত্যাশা— আরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুক। প্রতিটি তরুণ হোক মানবতার দূত। প্রতিটি সুস্থ মানুষ উপলব্ধি করুক, তার সামান্য কিছু রক্তই কারও জীবনের শেষ আশা হতে পারে।
আসুন, আমরা সবাই মানবতার এই মহৎ আন্দোলনে অংশ নিই।
কারণ “রক্তদান হোক মানবতার শ্রেষ্ঠ উপহার।”
লেখক: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ,ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি