বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার বহুল আলোচিত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ নতুন করে নির্মিত হয়ে এবার আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে। গত বছর শুরু হওয়া শুটিং শেষে সিনেমাটির সব কাজ এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্রও পেয়েছে ছবিটি। ফলে মুক্তির আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা।
মূল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র পরিচালক ছিলেন বাসুদেব চ্যাটার্জি। সেই সময় নতুন মুখ নিয়ে তৈরি হওয়া ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর অনবদ্য রসায়ন দর্শকের মনে জায়গা করে নেয়।
নতুন সংস্করণে কেন্দ্রীয় চরিত্রে আবারও রাখা হয়েছে নতুন দুই অভিনয়শিল্পীকে। ফেরদৌস আহমেদের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে রাদিফা। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরীসহ অনেকে।
গল্পের মূল কাঠামো একই থাকলেও সময়ের প্রেক্ষাপটে অনেক পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। বর্তমান সময়কে কেন্দ্র করে নতুনভাবে সাজানো হয়েছে পুরো কাহিনি। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।
‘হঠাৎ বৃষ্টি’ ছবির গানগুলোও একসময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এবার সেই ছয়টি গানের মধ্যে তিনটি রিমেক করা হচ্ছে নতুন সিনেমায়। পাশাপাশি যুক্ত হচ্ছে আরও দুটি নতুন গান।
নির্মাতা কামরুজ্জামান জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। সবকিছু শেষ করে এখন মুক্তির প্রস্তুতি চলছে। আশা করি দুর্গাপূজায় দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।