অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল-এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, অনলাইন সংবাদ পোর্টালগুলোর নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। উদ্দেশ্য হলো—ডিজিটাল সংবাদমাধ্যমকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা।
তিনি আরও জানান, দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলা ভিত্তিক সংবাদপত্রগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টিও পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা পরীক্ষা করে দেখছি, ওই সংবাদপত্রগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তালিকাভুক্ত হয়েছিল কি না। কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান সংবাদমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।