মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে কর্মরত আছেন।
রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক সাদেকুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ব্যবস্থাপনা, পরীক্ষা পরিচালনা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা মাদরাসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে শিক্ষা সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।