বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন মাসুদ খান। তিনি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান এবং ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
একই সঙ্গে বিএসইসির তিনজন নতুন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব এবং আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান।
এর আগে সকালে বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং চার কমিশনার পদত্যাগ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। পদত্যাগ করা কমিশনাররা হলেন—মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফউদ্দিন।
নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও কমিশনারদের আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।