নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাসভবন ‘চুনকা কুটির’-এ কর্মী-সমর্থকদের ভিড় বেড়েছে। এক বছরের বেশি কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি বাসায় ফেরার পর থেকেই তাঁকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার পর থেকে বাসভবনের সামনে সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। এর আগে বুধবার রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান এবং রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের বাসায় পৌঁছান।
এদিকে বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা নিয়ে এলাকায় নজরদারি ও নিরাপত্তা পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জের গজারিয়া থেকে আসা শারীরিক প্রতিবন্ধী হান্নান মিয়া ফুল দিয়ে আইভীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, রাজনৈতিক বিশ্বাস ও জনসেবার কারণে তিনি আইভীকে দেখতে এসেছেন।
আইভীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক চাপ ও নিরাপত্তাজনিত কারণে বাসায় দর্শনার্থীর সংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে শুভাকাঙ্ক্ষীদের ভিড় অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন ধরে একাধিক মামলায় গ্রেপ্তার ছিলেন। ২০২৫ সালের ৯ মে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে যুক্ত করা হয়। সর্বশেষ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তার মুক্তির পথ তৈরি হয়।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র এবং পরবর্তীতে টানা তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।