মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সমাজকে শান্তিপূর্ণ রাখতে এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বেহেশতের টিকিট বিক্রি করার যে বা যারা দায়িত্ব নিয়েছেন, সেই জায়গাটায় আপনারা জনসচেতনতা বৃদ্ধি করুন। শৈলকুপাকে একটি বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তুলুন।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের চেয়ে সমাজের কল্যাণে কাজ করাই বেশি গুরুত্বপূর্ণ। মাদক, মৌলবাদ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, আপনাদের আমি বলছি না যে আমার দল করতে হবে। আমার পাশে থাকুন, মাদক নির্মূলে কাজ করুন।
মন্ত্রী দাবি করেন, সমাজে মৌলবাদ ও সন্ত্রাস বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে সচেতন নাগরিকদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রীর এ বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা তৈরি হয়েছে।