কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের বর্তমান ৫০ শয্যাকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস দেন। পাশাপাশি চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বুধবার (২৭ মে) সকাল ১১টায় তিনি হাসপাতালে এসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। এ সময় রোগীদের কাছ থেকেও হাসপাতালের সেবার মান নিয়ে মতামত গ্রহণ করেন।
মন্ত্রীকে স্বাগত জানান কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার কার্যক্রম সন্তোষজনক। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি হাসপাতালের সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় তিনি হাসপাতালের বর্তমান ৫০ শয্যাকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস দেন। পাশাপাশি চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান।
মন্ত্রীের এ সফরকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের আশা, শয্যা সংখ্যা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে হোসেনপুরবাসী আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।