কুমিল্লার ৪ মহাসড়কে যানজট: দুর্ভোগে ঘরমুখো মানুষ

সারাদেশ

ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার চারটি মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা, বাজারে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের কারণে ঘরমুখো

2026-05-25T19:21:07+00:00
2026-05-25T19:21:07+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লার ৪ মহাসড়কে যানজট: দুর্ভোগে ঘরমুখো মানুষ
সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:২১ পিএম 
সংগৃহীত ছবি
ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার চারটি মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা, বাজারে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের কারণে ঘরমুখো যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।

ভোগান্তিতে থাকা মহাসড়কগুলো হলো— ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এবং কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক।

যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীদের। ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বুধবার থেকে টানা তিনদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মুন্সীগঞ্জের গজারিয়া বা নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে তার প্রভাব কুমিল্লার দাউদকান্দি, ইলিয়টগঞ্জ ও চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ ছাড়া চান্দিনা, নিমসার, সুয়াগাজী ও চৌদ্দগ্রাম বাজার এলাকায় অবৈধ পার্কিং যানজট আরো বাড়িয়ে তুলছে।

অন্যদিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কংশনগর বাজারে অবৈধ পার্কিং, সড়কের ওপর বাজার বসানো, দেবিদ্বারের পান্নারপুল এলাকায় সংস্কার কাজ এবং কোম্পানীগঞ্জ এলাকায় যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুদাফরগঞ্জ ও হাজীগঞ্জ বাজার এলাকায় সড়ক দখল করে রাখা যানবাহনের কারণে যানজট তৈরি হচ্ছে। একইভাবে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারেও দিন-রাত যানজট লেগেই থাকছে। সেখানে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহন সড়ক দখল করে রাখছে বলে অভিযোগ রয়েছে।

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের এক যাত্রী বলেন, মুদাফফরগঞ্জ ও হাজীগঞ্জ এলাকায় সড়ক থেকে দোকান ও অবৈধ পার্কিং সরানো গেলে যানজট অনেকটাই কমে যাবে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, ইলিয়টগঞ্জ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকলেও এরপরই দীর্ঘ যানজটের মুখে পড়তে হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহীনুর আলম খান বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পরিবহন মালিক সমিতির স্বেচ্ছাসেবক ও স্কাউট সদস্যরাও সহযোগিতা করছেন। সবার সমন্বিত প্রচেষ্টায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


  বিষয়:   কুমিল্লা প্রতিনিধি 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: