দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি ও পণ্য পরিবহন সংকট দূর করতে মোংলা নদীতে আগামী জুনের প্রথম সপ্তাহ থেকেই চালু হতে যাচ্ছে ২৪ ঘণ্টার বিরতিহীন ফেরি সার্ভিস। পাশাপাশি নদীর ওপর আধুনিক ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগও এগিয়ে নিচ্ছে সরকার।
সোমবার (২৫ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম।
জানা গেছে, রোববার রাতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ফেরি সার্ভিস চালুর প্রস্তুতির অগ্রগতি নিয়ে তিনি এই ঘোষণা দেন। মোংলা নদীর দুই তীরে নতুন পন্টুন স্থাপন, নিরাপদ ফেরি সংগ্রহ এবং সার্বক্ষণিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
নদীর তীব্র স্রোত ও নাব্যতা সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ইতোমধ্যে জরুরি ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে নদীভাঙনের ঝুঁকি এড়াতে বিশেষ সতর্কতা নিয়ে কাজ করা হচ্ছে।
এদিকে, মোংলা পৌরসভা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) অনাপত্তিপত্র দেওয়া হয়েছে এবং একটি বিশেষ তদারকি কমিটিও মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মোংলা বন্দর ও ইপিজেডকেন্দ্রিক শিল্প-অর্থনীতির চাপ সামাল দিতে স্থায়ী ঝুলন্ত সেতু নির্মাণ সময়ের দাবি। সেই লক্ষ্যেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।