বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের বগুড়া-নাটোর মহাসড়কের শালিখা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট জেলার ভজনখালী গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে ট্রাকচালক শহিদুল হাওলাদার (২৯) এবং কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাহাতাব আলীর ছেলে পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লা (৭৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে দক্ষিণাঞ্চলগামী একটি তামাক বোঝাই ট্রাক এবং কুষ্টিয়া থেকে উত্তরাঞ্চলগামী একটি পেঁয়াজ বোঝাই ট্রাক শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের শালিখা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তামাকবাহী ট্রাকের চালক শহিদুল হাওলাদার ও পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে কুন্দার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, নিহত ট্রাকচালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর মরদেহটি মর্গে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।