বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ছয়টার দিকে উপজেলার বনানী বাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. বিটুল (৩৭)। বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুপাড়া এলাকার বাসিন্দা মো. বুলু মিয়া ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বনানী বাজারের সামনে মহাসড়কে যাত্রীবাহী এ বি ডিলাক্স বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর-বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের হেলপার বিটুল গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করে শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।