সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (১৭ মে) সকালে গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই হামলার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে গাজীপুর জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খল বাহিনীর বিভিন্ন ইউনিট।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবালক হোসেনকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। নিয়োগের প্রজ্ঞাপন জারি হলে ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ভেতর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ নিয়ে শিক্ষার্থীরা ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দেয়।
এ ঘটনার পর রোববার সকালে শিক্ষার্থীরা ফের আন্দোলন শুরু করলে কিছু বহিরাগত লোকজন ভিসির পক্ষ নিয়ে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের উপড় চড়াও হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের হামলায় অন্তত ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ নিয়ে গত দুইদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। আজকে সকাল থেকেও সেটিই পুনরাবৃত্তি হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন।