সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছে জিম্মি থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ মে) সকালে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ থানার সুন্দরবনের ঢাংমারী খাল এলাকায় ভোরে অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি জিম্মি অবস্থায় থাকা চার জেলেকেও নিরাপদে উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের একজনের বিরুদ্ধে আগেও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতিও চলছে সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।