সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তকে ‘টেকনিক্যাল মব’ হিসেবে অভিহিত করেছেন আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া প্রতিনিধিত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়—স্বৈরাচারী সরকারের সমর্থকরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে। পরবর্তীতে সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্টদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়।
মনজিল মোরসেদ আরও বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথভাবে অবগত ছিল না বলেও অনেকে দাবি করেছেন এবং অধিকাংশ প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তার মতে, এটি সরাসরি শারীরিক আঘাত না হলেও একটি ‘টেকনিক্যাল’ প্রক্রিয়ার মাধ্যমে প্রভাব বিস্তার করা হয়েছে।
তিনি আরও মন্তব্য করেন, নির্বাচন অনুষ্ঠিত হলে ফলাফল অনিশ্চিত হতে পারে—এমন আশঙ্কা থেকে কাউকে অংশ নিতে না দেওয়ার পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে তার ধারণা।
উল্লেখ্য, ২৬ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে এবারের নির্বাচনে তারা অংশ নিতে পারেননি।
এবারের নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল), জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ প্যানেল) এবং এনসিপি-সমর্থিত ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্স (লাল-সবুজ প্যানেল) অংশ নেয়।