কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার পর এবার চালু হয়েছে ডিএপি ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) কারখানাও।
শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে পুনরায় উৎপাদন শুরু করেছে কারখানাটি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কারাখানাটি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক।
এর আগে অ্যামোনিয়ার সংকট দেখা দেওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
মোহাম্মদ মঈনুল হক বলেন, গত ২ মে বিকেল থেকে কাফকোতে উৎপাদন শুরু হওয়ার পর ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হয়। কয়েকদিন ধরে প্রয়োজনীয় অ্যামোনিয়া মজুদ এবং কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার পর শনিবার দুপুর ২টা থেকে কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
তিনি আরও জানান, কারখানাটি চালু থাকলে বর্তমানে দৈনিক ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হয়।
প্রসঙ্গত, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) নির্মাণকাজ শেষে ২০০৬ সাল থেকে বাণিজ্যিকভাবে ডিএপি সার উৎপাদন শুরু করে।