চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের তবলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার রাত প্রায় ১০টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতের দিকে একটি ঘরে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সাতটি পরিবারের বসতঘর ও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন আজিজ আহমদের তিন ছেলে নুরুল ইসলাম, নুরুল আমিন ও নুরুল আলম এবং মো. শফির চার ছেলে আলী আহমদ, লেদু মিয়া, মোক্তার আহমদ ও আক্তার হোসেন।
শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ নূরী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের জরুরি সহায়তা হিসেবে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে এবং সরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।