ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, হাসিনা যাবজ্জীবন সাজা দিয়েছে, আর আমার আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েছেন। আল্লাহ যা চান তাই হয়।
শুক্রবার (৮ মে) মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় মসজিদুল কু'বা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৌদি আরব প্রবাসী মামুন সরকারের উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়।
তিনি আরও বলেন, গত একযুগে আপনারা কি চিন্তা করেছিলেন আমি আবার দেশে আসতে পারব? নির্বাচন করব? এমপি হব, মন্ত্রী হব? আমাকে নির্বাচন করতে না দিতে নানা মামলা দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ সব ষড়যন্ত্র শেষ করে আপনাদের ভোটে আমাকে এমপি বানিয়েছেন। এরপর তারেক রহমান সাহেবের মাধ্যমে মন্ত্রীও বানিয়েছেন।
এসময় তিনি সমাজ থেকে মাদক, জুয়া ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানের কথাও জানান। তিনি বলেন, মাদক, জুয়া ও চাঁদাবাজি সমাজের ব্যাধি। প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে। এই অভিযান চলবে। যে দল বা মতেরই হোক, মাদককারবারি ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।
একই দিন সকালে ধর্মমন্ত্রী মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ করেন। বিকেলে উপজেলা পরিষদের সামনে “৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলমসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।