নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুজন কর্মকর্তা আজ শনিবার এ খবর নিশ্চিত করেন। তাঁরা বলেন, আগামীকাল সন্ধ্যা সাতটায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর আটটায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।
জামায়াতের আমির শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে।
তারেক রহমান নির্বাচন–পরবর্তী সৌজন্য বিনিময়ে তাঁদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়। এর আগে আজ তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চান।
এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২।
বিপুল ব্যবধানে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।