বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার নির্বাচনের অধিকার সম্পূর্ণভাবে জনগণের হাতে থাকা উচিত। ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, “এই অধিকারকে পাহারা দিন, একে রক্ষা করুন; কখনোই এই অধিকার কারও হাতে সমর্পণ করবেন না।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির শফিকুর রহমান এসব কথা বলেন।
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ প্রসঙ্গ
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান দাবি করেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত ছিল নজিরবিহীন। তবে জনগণের সচেতন অবস্থানের কারণে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তার ভাষায়, “নাগরিকরা যখন সজাগ থাকে, তখন কোনো শক্তিই সত্যকে গোপন করতে পারে না এবং কোনো কর্তৃপক্ষই জনগণের ইচ্ছাকে উপেক্ষা করার ক্ষমতা রাখে না।”
‘জেন-জি’ প্রজন্ম নিয়ে মন্তব্য
জামায়াতের আমির বলেন, বর্তমান তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ সচেতন ও প্রশ্নমুখর। তাদের ধোঁকা দেওয়া সম্ভব নয়। তারা পর্যবেক্ষণ করে, বিশ্লেষণ করে এবং নিজেদের অবস্থানে অনড় থাকে।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন জাগ্রত। কোনো অপশক্তি আর জনগণকে বিভ্রান্ত করতে পারবে না।
জনগণের হাতে সরকার নির্বাচনের অধিকার
ডা. শফিকুর রহমান তার পোস্টে জোর দিয়ে বলেন, সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত জনগণের। এটাই গণতান্ত্রিক নিয়ম এবং সেটিই অনুসরণ করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে জাতি জাগ্রত, তাকে কেউ পরাজিত করতে পারে না।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।