প্রচারনার প্রথম দিনেই ভোট যুদ্ধে নেমে পড়েছেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশে বক্তব্য নিয়ে ধানের শীষে ভোট চান তিনি। আর রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুলের মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে আদর্শ স্কুল মাঠে নির্বাচনি জনসভা কেন্দ্র করে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশ নেন। এই সময় তিনি রাজধানীর সকল সংসদীয় আসনে ১০ দলীয় প্রার্থীদের পরিচয় করে দেন এবং দাড়িপাল্লা, শাপলা কলি ও রিকসা প্রতিকে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী প্রচারনার প্রথম দিনে রংপুরে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এরশাদের কবর জিয়ারত করার আগে তিনি নিজের মা বাবার কবরও জিয়ারত করেন। এছাড়া দলটির মহাসচিব শামীম হায়দার পাঠোয়ারী সহ বৃহত্তর রংপুরের জাপার অধিকাংশ প্রার্থীরা জোরোসোরেই লাঙ্গলের পক্ষে বৃহস্পতিবার থেকে জোর প্রচারনায় নেমেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করে নির্বাচনী শুরু করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। আর বরিশাল সদর ও বাকেরগঞ্জ আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। গতকাল বেলা ১২টায় নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে এ প্রচার শুরু করেন তিনি।

সিলেটে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম (সা.)-এর মতো ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি। এই সময় তিনি বলেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কী করবে সবাই বুঝে গেছে। যারা বলছেন, অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন– তাদের ৭১ সালে দেশের মানুষ দেখেছে। সমাবেশে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘কিছুদিন দেখছি, দেশের কোনও কোনও মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতি করা হচ্ছে। যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছিল, একইরকম ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব।

১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জোটের পক্ষ থেকে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করে নির্বাচনী শুরু করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি। এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করল এনসিপি।

বরিশাল সদর ও বাকেরগঞ্জ আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। গতকাল বেলা ১২টায় নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে এ প্রচার শুরু করেন তিনি। প্রচার শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় মুফতি ফয়জুল করীম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তির জন্য। শান্তির দেশ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলাম এবং কোরআন-সুন্নাহর পক্ষে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফয়জুল করীম বলেন, অক্লান্ত পরিশ্রম করতে হবে। আর অল্পকিছু দিন বাকি আছে। আগামী ১২ তারিখ হাত পাখার বিজয়ের পরেই বিশ্রামে যাবো। তার আগ পর্যন্ত আমরা বিশ্রামে যাব না। আমরা সব সময় হাতপাখার প্রতীক নিয়ে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সভা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন মুফতি ফয়জুল করীম। তিনি নগরীর সদর রোড এলাকায় হাতপাখার লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অভূতপূর্ব জনসমর্থন ও গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ভোরের আলো ফোটার পর থেকেই ধামালিয়া ইউনিয়নে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত মানুষ ঘর থেকে বেরিয়ে দাঁড়িপাল্লার পক্ষে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। দীর্ঘদিন চেপে রাখা পানির মতোই জনতার এই জোয়ার এখন বাঁধ ভেঙে বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শেষে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ মিনার থেকে নির্বাচনী প্রচার শুরু গণতান্ত্রিক যুক্তফ্রন্টের : কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছে ৯ বাম দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। বৃহস্পতিবার বেলা ১১টায় জোটের মনোনীত সাত প্রার্থীসহ জোটের নেতাকর্মীরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাত প্রার্থীর মধ্যে ছিলেন, ঢাকা-৮ আসনে ত্রিদ্বীপ সাহা, ঢাকা-৯ আসনে মনিরুজ্জামান মিলন, ঢাকা-১১ আসনে কল্লোল বণিক, ঢাকা-১৫ আসনে সাজেদুল হক রুবেল, ঢাকা-৫ আসনে তোফাজ্জল হোসেন মোস্তফা দীপু, ঢাকা-১৪ আসনে রিয়াজ হোসেন এবং ঢাকা-৪ আসনে ফিরোজ আল মামুন। নির্বাচনী প্রচারে শহীদ মিনারকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এটি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও সব গণসংগ্রামের শহীদদের আত্মত্যাগের প্রতীক। তিনি বলেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গত বছরের নভেম্বরের শেষে গঠিত হয়েছে। এর গঠন প্রক্রিয়া এখনও চলমান। বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদসহ আরও কিছু দল এতে সম্পৃক্ত রয়েছে। আমরা শুধু ভোট চাইতে আসিনি বরং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে বামপন্থি, প্রগতিশীল, উদার গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে সরকার প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ কর্মসূচি নিয়ে জনগণের সামনে হাজির হয়েছি।