
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাব শাখার উপ-পরিচালক মো. নাজিরুল হকের বিরুদ্ধে দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, তিনি প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন এবং অনেক সপ্তাহেই তাকে একদিনও অফিসে দেখা যায় না।
হিসাব শাখায় তার কক্ষে গিয়ে দেখা যায়, দিনের পর দিন ফাইল জমে স্তুপ তৈরি হয়েছে, অথচ তার চেয়ার ফাঁকা পড়ে থাকে। দায়িত্বশীল একটি পদে থাকা কর্মকর্তার এ অনিয়ম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে ব্যাহত করছে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “তিনি নিয়মিত অফিস না করায় কাজের চাপ বাড়ছে, স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে হিসাব শাখার পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, “উপ-পরিচালক নাজিরুল হকের অনুপস্থিতি নিয়ে আমরা একাধিক অভিযোগ পেয়েছি। বিষয়টি নজরে এসেছে এবং এর আগে অভিযোগের ভিত্তিতে তাকে সতর্কও করা হয়েছিল। ইতোমধ্যে রেজিস্ট্রার বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।”
এদিকে, নাজিরুল হকের অফিসে বারবার গেলেও তাকে পাওয়া যায় না। ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি নিজের পরিচয় গোপন করে অন্য নাম বলার পাশাপাশি পরে ফোন বন্ধ করে দেন।
বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি দপ্তরের এমন কার্যক্রম প্রশ্ন তুলছে প্রশাসনিক জবাবদিহিতা ও শৃঙ্খলা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।