গত সপ্তাহে বাড্ডার একটি মুদি দোকানে দাঁড়িয়ে দেখলাম, এক মা তাঁর ছোট ছেলের জন্য প্যাকেটজাত চিপস কিনছেন। প্যাকেটের পেছনে ছোট অক্ষরে লেখা পুষ্টি উপাদানের তালিকায় চোখ বুলাচ্ছিলেন তিনি। কিন্তু তথ্যগুলো সহজে বুঝতে পারছিলেন কি না, তা স্পষ্ট নয়। প্যাকেটের সামনের অংশে রঙিন ছবি ও আকর্ষণীয় নকশা থাকলেও প্রয়োজনীয় পুষ্টিগত সতর্কবার্তা সহজে চোখে পড়ে না।
এমন দৃশ্য আমাদের একটি মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করায়: একজন ভোক্তা কী কিনছেন, তা কি সহজেই জানতে পারছেন?
জটিল তথ্যের বদলে সহজ সতর্কবার্তা
এই প্রশ্নের সঙ্গে যুক্ত ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল)। প্যাকেটের সামনের অংশে স্পষ্ট সতর্কচিহ্ন থাকলে অতিরিক্ত চিনি, লবণ বা স্যাচুরেটেড ফ্যাটযুক্ত পণ্য দ্রুত শনাক্ত করা সহজ হতে পারে।
বাংলাদেশে ৭৬ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে পরিচালিত একটি গুণগত গবেষণায় অংশগ্রহণকারীরা সতর্কতামূলক লেবেলকে তুলনামূলকভাবে বেশি সহজবোধ্য বলে মত দিয়েছেন। তাঁদের ধারণা, এ ধরনের সতর্কবার্তা খাদ্য নির্বাচনেও প্রভাব ফেলতে পারে [১]।
বাংলাদেশের জনস্বাস্থ্য বাস্তবতা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের কারণ অসংক্রামক রোগ [২]। হৃদ্রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকির সঙ্গে অতিরিক্ত লবণ, চিনি ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণের সম্পর্ক রয়েছে। প্যাকেটজাত খাবার বাজারে সহজলভ্য হয়ে ওঠায় ভোক্তাদের জন্য পুষ্টিগত তথ্য দ্রুত বুঝতে পারাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
২০২৩ সালে বাংলাদেশের বাজারে প্রচলিত প্রক্রিয়াজাত খাবার নিয়ে প্রকাশিত এক গবেষণায় ২৪টি নমুনার পুষ্টিমান মূল্যায়ন করা হয়। গবেষকেরা কয়েকটি পণ্যের ক্ষেত্রে প্যাকেটে ঘোষিত পুষ্টি-তথ্য ও পরীক্ষাগারে পাওয়া মানের মধ্যে অসামঞ্জস্য শনাক্ত করেন [৩]। এই ফলাফল খাদ্যপণ্যের লেবেলের নির্ভুলতা ও উৎপাদকদের জবাবদিহি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।
নীতিগত অগ্রগতি: খসড়া থেকে বাস্তবায়ন
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) প্রস্তুত করা ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’-এর খসড়ায় নির্ধারিত মাত্রার বেশি চিনি, লবণ বা স্যাচুরেটেড ফ্যাটযুক্ত পণ্যের প্যাকেটের সামনে সতর্কচিহ্ন ব্যবহারের প্রস্তাব রয়েছে [৪]।
২০২৬ সালের ৩০ জুন খসড়াটি খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনেও প্রবিধানমালাটি চূড়ান্ত করার নির্দিষ্ট সময়সীমা না থাকার কথা উল্লেখ করা হয়েছে [৫]। ফলে এখন প্রয়োজন স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ প্রক্রিয়ায় খসড়াটিকে কার্যকর বিধানে রূপ দেওয়া।
প্রতিরোধে বিনিয়োগ, ভোক্তার অধিকার
কেউ প্রশ্ন তুলতে পারেন, খাদ্যদ্রব্যের দাম ও জীবনযাত্রার ব্যয় যখন মানুষের বড় উদ্বেগ, তখন প্যাকেটের লেবেলকে অগ্রাধিকার দেওয়া কতটা যুক্তিযুক্ত? কিন্তু সহজবোধ্য খাদ্যতথ্য নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাকে অবহিত করা জনস্বাস্থ্যনীতিরই অংশ।
এফওপিএল একাই অসংক্রামক রোগ প্রতিরোধ করতে পারবে না। তবে এটি ভোক্তাকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে। একই সঙ্গে খাদ্যপণ্যের উপাদান ও পুষ্টিমান উন্নত করার ক্ষেত্রে উৎপাদকদেরও উৎসাহিত করতে পারে। এ নীতির প্রণয়ন, প্রয়োগ ও মূল্যায়ন—সব ক্ষেত্রেই বিজ্ঞানভিত্তিক মানদণ্ড অনুসরণ করা জরুরি।
তরুণদের ভূমিকা: শুধু সচেতনতা নয়, দাবি ও অংশগ্রহণ
তরুণ প্রজন্মের দায়িত্ব কেবল কর্মশালায় অংশ নেওয়া কিংবা সচেতনতামূলক বার্তা প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়। স্থানীয় জনপ্রতিনিধি ও নীতিনির্ধারকদের কাছে ভোক্তার জানার অধিকার তুলে ধরা, শিক্ষাপ্রতিষ্ঠানে খাদ্যপণ্যের লেবেল নিয়ে আলোচনা করা এবং যাচাই করা তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা প্রয়োজন।
একই সঙ্গে খাদ্যনীতি প্রণয়নে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে নাগরিক সমাজের ধারাবাহিক অংশগ্রহণও জরুরি।
দাবি স্পষ্ট: কার্যকর ও বাধ্যতামূলক এফওপিএল
বাংলাদেশে খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে স্পষ্ট, সহজবোধ্য ও বিজ্ঞানভিত্তিক সতর্কতামূলক লেবেল নিশ্চিত করার উদ্যোগ এগোচ্ছে। এখন বিএফএসএ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রত্যাশা, খসড়া প্রবিধান দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে চূড়ান্ত করা হবে। পাশাপাশি কার্যকর তদারকি ও বাস্তবায়নের কাঠামো নির্ধারণ এবং নীতিনির্ধারণে জনস্বাস্থ্যবিষয়ক গবেষণার যথাযথ গুরুত্ব নিশ্চিত করতে হবে।
উপসংহার
জানার অধিকার তখনই অর্থবহ হয়, যখন প্রয়োজনীয় তথ্য ভোক্তার চোখে পৌঁছায় ঠিক সেই মুহূর্তে, যখন তিনি সিদ্ধান্ত নেন কী কিনবেন। প্যাকেটের পেছনে তথ্য থাকাই যথেষ্ট নয়; তা সহজে বোঝাও জরুরি।
বাড্ডার দোকানে দেখা সেই মায়ের মতো প্রতিটি ভোক্তার জন্য এ সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র, উৎপাদক ও সমাজের সম্মিলিত দায়িত্ব। ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) সেই দায়িত্ব পালনের একটি কার্যকর পদক্ষেপ হতে পারে।