ব্যাট ছেড়ে এবার ডাগআউটে উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক

খেলা

ব্যাট হাতে দীর্ঘদিন ক্রিকেট বিশ্ব শাসন করেছেন কেইন উইলিয়ামসন। এবার বাইশগজে নতুন ভূমিকায় দেখা যাবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ককে। খেলোয়াড়ি জীবন

2026-11-25T18:03:30+00:00
2026-11-25T18:03:30+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খেলা
ব্যাট ছেড়ে এবার ডাগআউটে উইলিয়ামসন
স্পোর্টস ডেস্ক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম 
সংগৃহীত ছবি

ব্যাট হাতে দীর্ঘদিন ক্রিকেট বিশ্ব শাসন করেছেন কেইন উইলিয়ামসন। এবার বাইশগজে নতুন ভূমিকায় দেখা যাবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ককে। খেলোয়াড়ি জীবন থেকে সরে দাঁড়িয়ে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন এই কিউই তারকা।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, দলটির প্রধান কোচ হিসেবে ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন উইলিয়ামসন। এসএ২০-এর প্রথম আসর থেকেই ডারবানের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন ক্লুজনার। তবে চার মৌসুমের পথচলা শেষে এবার তাঁর জায়গায় নতুন কাউকে বেছে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলতি বছরের জুলাইয়ে অবসরের ঘোষণা দেন উইলিয়ামসন। এরপর কোচিং ও ক্রিকেট ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হওয়ার দিকে মনোযোগী হন তিনি। ডারবান সুপার জায়ান্টসের সঙ্গে তাঁর সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৫ ও ২০২৬ মৌসুমে দলটির হয়ে খেলেছেন এই ব্যাটার। দুই আসরে মোট ১৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪৩ রান। মজার বিষয়, ২০২৭ মৌসুমের জন্য খেলোয়াড় হিসেবেও তাঁকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার সেই দলেরই ডাগআউটে দেখা যাবে তাঁকে।

কোচিংয়ের সঙ্গে উইলিয়ামসনের যুক্ত হওয়ার অভিজ্ঞতাও রয়েছে। গত বছরের অক্টোবরে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। ডারবানে এবার ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করবেন সাবেক এই কিউই অধিনায়ক। তবে কোচিং স্টাফের অন্য সদস্যদের নাম এখনো চূড়ান্ত হয়নি।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘ সময় নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন উইলিয়ামসন। দেশের হয়ে তিন সংস্করণেই রেখে গেছেন অসাধারণ কীর্তি। টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন তিনি। ১১০ টেস্টে ৫৪.০৬ গড়ে তাঁর সংগ্রহ ৯ হাজার ৫১৫ রান।

ওয়ানডেতে ১৭৫ ম্যাচ খেলে করেছেন ৭ হাজার ২৫৬ রান। নিউজিল্যান্ডের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তাঁর অবস্থান চতুর্থ। আর ৯৩ টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫ রান নিয়ে দেশটির এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন উইলিয়ামসন।

নতুন কোচের সামনে অবশ্য চ্যালেঞ্জও কম নয়। ক্লুজনারের অধীনে এসএ২০-এর চার মৌসুমের মধ্যে তিনবারই লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ডারবানকে। দলটির সেরা সাফল্য ২০২৪ মৌসুমে রানার্সআপ হওয়া। সর্বশেষ আসরে ১০ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় নিয়ে পঞ্চম স্থানে থেকে অভিযান শেষ করে তারা।

এবার উইলিয়ামসনের অধীনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ডারবান সুপার জায়ান্টসের। আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ মৌসুম শুরু করবে দলটি। খেলোয়াড় হিসেবে যে অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন উইলিয়ামসন, কোচ হিসেবে সেটি কতটা কাজে লাগাতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষা।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: