নারী ক্রীড়াবিদদের জন্য বিশেষায়িত বিকেএসপির উদ্যোগ

স্পোর্টস ডেস্ক

খেলা

দেশের নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও আবাসনের সুযোগ বাড়াতে নারীদের জন্য বিশেষায়িত ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রীড়া

2026-11-25T17:40:29+00:00
2026-11-25T17:40:29+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খেলা
নারী ক্রীড়াবিদদের জন্য বিশেষায়িত বিকেএসপির উদ্যোগ
স্পোর্টস ডেস্ক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম 
সংগৃহীত ছবি

দেশের নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও আবাসনের সুযোগ বাড়াতে নারীদের জন্য বিশেষায়িত ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এ উদ্যোগের প্রথম ধাপ হিসেবে ২০২৭ সালের জানুয়ারি থেকে রাজশাহী বিকেএসপিতে শুধু নারী শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে সেখানে আরও ক্রীড়া বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে রাজশাহী বিকেএসপিতে বর্তমানে থাকা পুরুষ বক্সারদের অন্য কেন্দ্রে স্থানান্তর করা হবে। তাঁদের জায়গায় ফুটবল, ক্রিকেট, বক্সিং, তায়কোয়ান্দো, কারাতে ও দাবার নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে রাজশাহীতে হকির টার্ফ না থাকায় আপাতত নারী হকি খেলোয়াড়দের সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না।

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নারীদের জন্য একটি পৃথক বিকেএসপি গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাঁদের। রাজশাহী কেন্দ্রের সুযোগ-সুবিধা বাড়িয়ে ভবিষ্যতে সেখানে অন্যান্য খেলাতেও নারী খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

১৯৮৬ সালে যাত্রা শুরু করে বিকেএসপি। প্রতিষ্ঠার পর প্রথম ১২ বছর প্রতিষ্ঠানটিতে শুধু পুরুষ শিক্ষার্থীরা প্রশিক্ষণের সুযোগ পেতেন। ১৯৯৮ সালে প্রথমবারের মতো নারী শিক্ষার্থী ভর্তি শুরু হয়। শুরুতে সাভার কেন্দ্রেই তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। পরে আঞ্চলিক কেন্দ্রগুলোতেও নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়।

প্রতিষ্ঠার প্রায় চার দশক পর নারীদের জন্য বিশেষায়িত কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কারণ ব্যাখ্যা করে পরিচালক (প্রশিক্ষণ) বলেন, সাভারের মূল কেন্দ্রে আবাসনসংকটের কারণে নারী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তাঁদের জন্য পৃথক কেন্দ্র চালু করা হলে প্রশিক্ষণ ও আবাসনের সুযোগ সম্প্রসারণ করা সহজ হবে।

এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আঞ্চলিক বিকেএসপিগুলোর কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে এবার ভর্তি পরীক্ষায় যে আঞ্চলিক কেন্দ্রে অংশ নেবেন, পুরুষ শিক্ষার্থীরা সেখানেই প্রশিক্ষণের সুযোগ পাবেন। তবে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে খেলাভেদে সাভার অথবা রাজশাহী কেন্দ্রে যেতে হবে।

রাজশাহীর পবা উপজেলায় ১৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত বিকেএসপিতে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে অবকাঠামোর পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাপনাও সাজানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় কোচ ও প্রশাসনিক কর্মকর্তা পদায়নের বিষয়টিও বিবেচনায় রেখেছেন প্রতিষ্ঠানটির নীতিনির্ধারকেরা।

অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে বিকেএসপির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতেও উদ্যোগী প্রতিষ্ঠানটি। সুইডেন ও ডেনমার্কে অনুষ্ঠিত ডানা কাপ ও গোথিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে একসময় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছিল বিকেএসপি। তবে বয়সসংক্রান্ত অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ইউরোপের এসব প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পায়নি বাংলাদেশের দল।

এবার আবারও ডানা-গোথিয়া কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে বিকেএসপি। দল পাঠানোর প্রস্তুতি হিসেবে টুর্নামেন্ট আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে কর্নেল গোলাম মাবুদ হাসান বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। প্রতিমন্ত্রীও দল পাঠানোর বিষয়ে আন্তরিক। শিগগিরই নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: