মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মান্নান হলসংলগ্ন মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মাভাবিপ্রবির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেবেন। দুই দশকের পথচলা, অর্জন ও স্মৃতি উদ্যাপনের পাশাপাশি শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান।
আমন্ত্রিত ইন্ডাস্ট্রিয়ালের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনজন। তাঁরা হলেন—রেডিকেল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম মহসিন আহমেদ, ইমপ্রেস-নিটওয়্যার কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের টেক্সটাইল বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. শাহিনুর রহমান এবং প্রিটি গ্রুপের প্রতিষ্ঠান প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান মাহবুব কামরান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মহসিন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী।
পুনর্মিলনীর সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বিভাগ ও অ্যাসোসিয়েশনের সম্মিলিত উদ্যোগে ক্যাম্পাসে প্রথমবারের মতো এ আয়োজন বাস্তবায়িত হতে যাচ্ছে।
আয়োজকেরা জানান, বিভাগের দুই দশকের অর্জন ও স্মৃতি উদ্যাপনের পাশাপাশি শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করাই এ পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য।