ফুটবল ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাসের অংশ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার তাঁর ব্যক্তিগত জীবনের একটি সম্ভাব্য সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে আলোচনা। সৌদি আরবের অধ্যায় শেষে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ দেশ পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন এই পর্তুগিজ মহাতারকা। বিষয়টি সামনে আসার পর তাঁর ক্লাব ফুটবলের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা।
পর্তুগিজ সাময়িকী ‘টিভি সেভেন দিয়াস’-এর প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে পর্তুগালের কাসকাইসে নিজেদের বিলাসবহুল বাড়িতে স্থায়ীভাবে থাকার প্রস্তুতি নিচ্ছেন রোনালদো। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাইয়ে তাঁদের এই স্থানান্তর হতে পারে। সন্তানদের পড়াশোনাসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়েও প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কাসকাইসের মনোরম উপকূলীয় এলাকায় অবস্থিত বাড়িটি নির্মাণে সময় লেগেছে প্রায় তিন বছর। এর আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮৩ কোটি টাকা।
আট শয়নকক্ষের এই প্রাসাদে রয়েছে আধুনিক নানা সুযোগ-সুবিধা। প্রতিটি কক্ষের সঙ্গে রয়েছে আলাদা গোসলখানা। এ ছাড়া বাড়িতে আছে দুটি সুইমিংপুল, অত্যাধুনিক ব্যায়ামাগার, ব্যক্তিগত সিনেমা হল এবং সরাসরি সমুদ্রসৈকতে যাওয়ার ব্যবস্থা।
বাড়িটির অন্দরসজ্জাতেও রয়েছে বিলাসিতার ছাপ। ইতালীয় মার্বেল পাথরের পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে বিশেষ নকশার নানা উপকরণ। রয়েছে মাটির নিচে তৈরি গোপন সুড়ঙ্গ এবং লুই ভিতোঁর নকশায় অনুপ্রাণিত দেয়ালচিত্র।
‘টিভি সেভেন দিয়াস’-এর পাশাপাশি ‘হাইপার এফএম’ ও ‘এক্সক্লুসিভ’-এর প্রতিবেদনেও রোনালদোর পর্তুগালে ফিরে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এসব প্রতিবেদন ঘিরে ধারণা করা হচ্ছে, পেশাদার ফুটবল থেকে অবসরের পর পরিবার নিয়ে কাসকাইসের এই বাড়িতেই স্থায়ীভাবে থাকতে পারেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোনালদো। তবে ক্লাব ফুটবলে এখনো সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। ফলে পর্তুগালে স্থায়ী হওয়ার পরিকল্পনাকে অনেকে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়ের প্রস্তুতি হিসেবে দেখছেন।
তবে ক্লাব ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনো রোনালদোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে পর্তুগালে ফেরার পরিকল্পনা বাস্তবায়িত হলেও সেটি তাঁর ফুটবল ক্যারিয়ারের সমাপ্তির ইঙ্গিত কি না, তা নিশ্চিত নয়।