মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। জনগণও এমন কোনো সিদ্ধান্ত মেনে নেবে না। বিষয়টি নিয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
তিনি আরও বলেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোরসহ বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু কার্যত বাংলাদেশ সেসব উদ্যোগের সুফল পায়নি বলে তাঁর মন্তব্য।
জামায়াত আমির বলেন, জাপান, চীন কিংবা অন্য কোনো বন্ধুরাষ্ট্র—যেই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
দেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব সরকারের উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ দেখতে চায় না।
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোর একটি। বন্দরটি ঘিরে যেকোনো উদ্যোগ বা সিদ্ধান্তের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানিয়েছেন জামায়াত আমির।