বাংলাদেশের পেস বোলিংয়ে ধার বাড়ানোর দায়িত্বে ছিলেন একসময়। এবার নতুন মিশনে নামছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির দল জোবার্গ সুপার কিংসের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) ডোনাল্ডকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় জোবার্গ সুপার কিংস। দলটিতে তিনি এরিক সিমন্সের স্থলাভিষিক্ত হবেন। ইংল্যান্ডে স্টিফেন ফ্লেমিংয়ের কোচিং স্টাফে যোগ দিতে যাচ্ছেন সিমন্স।
২০২৭ সালের এসএ টোয়েন্টি আসরে জোবার্গের প্রধান কোচ অ্যালবি মরকেলের সঙ্গে কাজ করবেন ডোনাল্ড। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন সাবেক উইকেটকিপার ব্যাটার পিয়েরে ডি ব্রুইন। কোচিং স্টাফে এই পরিবর্তনের মধ্য দিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে দলটি।
মরকেলের সঙ্গে ডোনাল্ডের কাজ করার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। এর আগে টাইটানস ও নামিবিয়ার হয়ে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এবার জোবার্গ সুপার কিংসে তাঁদের জুটি তৃতীয়বারের মতো একসঙ্গে দেখা যাবে।
ক্রিকেটার হিসেবে ২০০৪ সালে অবসর নেওয়ার পর কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও নামিবিয়ার মতো দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এ ছাড়া ওয়ারউইকশায়ার, কেন্ট, মাউন্টেনিয়ার্স, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং স্টাফেও ছিলেন এই সাবেক পেসার।
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে ২০২২ সালের মার্চে দায়িত্ব নেন ডোনাল্ড। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করেন। তাঁর বিদায়ের প্রায় তিন বছর পর আবারও নতুন দায়িত্বে ফিরছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
এদিকে ২০২৭ সালের ১৭ জানুয়ারি শুরু হবে এসএ টোয়েন্টির পঞ্চম আসর। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া ক্যাপিটালস। ২১ ফেব্রুয়ারি কেপটাউনে হবে ফাইনাল।
টুর্নামেন্টটির আগের চার আসরের মধ্যে তিনবারই শিরোপা জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। অন্য শিরোপাটি গেছে এমআই কেপটাউনের ঘরে। নতুন মৌসুমে জোবার্গ সুপার কিংসের বোলিং বিভাগকে শক্তিশালী করার দায়িত্ব এখন ডোনাল্ডের কাঁধে।