জ্বালানি তেলের দাম বাড়ার পর সরকারিভাবে বাসভাড়া পুনর্নির্ধারণের ঘোষণা না এলেও রাজধানীর বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও ৫ টাকা, আবার কোথাও ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এ নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে।
২০ সেপ্টেম্বর রাতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার। পরদিন থেকেই নতুন দাম কার্যকর হয়। এর পরপরই বাসভাড়া সমন্বয়ের দাবি তোলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে দূরপাল্লা ও মহানগরের বাসভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ হিসাবে আন্তঃজেলা বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা করার সুপারিশ করা হয়েছে।
বিআরটিএর ভাড়া সমন্বয় কমিটির এই সুপারিশ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিকেল বা বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে এর আগেই রাজধানীর বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে মিরপুর-১০ রুটে চলাচলকারী আলিফ পরিবহনে সোমবার সন্ধ্যা থেকে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এ রুটে নিয়মিত যাতায়াতকারী এক যাত্রী জানান, প্রায় ১৫ কিলোমিটার দূরত্বের ভাড়া আগে ৪০ টাকা নেওয়া হলেও জ্বালানি তেলের দাম বাড়ার পর ৫০ টাকা করে নেওয়া হচ্ছে।
আলিফ পরিবহনের এক চালক বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় গাড়ি চালানোর খরচ বেড়েছে। এ কারণে দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে কিছুটা বেশি ভাড়া নেওয়া হচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে উত্তরা আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী ইকবাল এন্টারপ্রাইজের এসি বাসেও ১০ থেকে ২০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে। বাড্ডা লিংকরোড থেকে উত্তরা পর্যন্ত আগে ৯০ টাকা নেওয়া হলেও সোমবার থেকে ১১০ টাকা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
উত্তরা হাউজ বিল্ডিংয়ে ওই পরিবহনের টিকিট বিক্রেতা শাকিব জানান, কোম্পানির নির্দেশনায় বিভিন্ন গন্তব্যে ২০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। কিছু স্বল্প দূরত্বের গন্তব্যে বাড়ানো হয়েছে ১০ টাকা।
তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী জোবায়ের মাসুদ বলেন, বাসভাড়া বাড়ানোর বিষয়ে বিআরটিএ থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। সরকারি নির্দেশনার বাইরে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।
মালিকদের ২০ পয়সা, যাত্রী কল্যাণের প্রস্তাব ৮-১০ পয়সা
এবার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির দাবি, জ্বালানির দাম বাড়লে বাস পরিচালনার ব্যয়ও বাড়ে।
সংগঠনটির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন বলেন, প্রতি লিটার জ্বালানির দাম ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব তাদের। সে হিসাবে ২০ টাকা দাম বাড়ায় ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ৮ পয়সা এবং শহরের বাসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে সংগঠনটি জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
গত এপ্রিলেও জ্বালানি তেলের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন ডিজেলের দাম ১১৫ টাকা করা হয় এবং পরে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার জ্বালানির দাম আরও ২০ টাকা বাড়ায় বাসভাড়া সমন্বয়ের প্রস্তাবও তুলনামূলক বেশি এসেছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচের পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনের ব্যয়ও বাড়বে। তার মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার বিষয়টি সরকারকে বিবেচনা করা উচিত।
এদিকে সরকারিভাবে নতুন ভাড়া কার্যকর হওয়ার আগেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিআরটিএর প্রজ্ঞাপন জারির পরই নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগেই বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায় কতটা বৈধ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।