মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন আমলে নেয়নি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানিতে আইনজীবী মো. রাফিউল ইসলাম জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে এসব বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল। তবে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী যানবাহনের নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য মেনে চলা বাধ্যতামূলক।
তিনি আদালতকে জানান, আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন নির্ধারণের বিষয়টি উল্লেখ রয়েছে। নির্ধারিত বৈশিষ্ট্য লঙ্ঘন করলে তা আইনের ৮৪ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এ অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৮ ধারার উল্লেখ করে তিনি বলেন, বৈধ রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না।
বিআরটিএর আইনজীবীর বক্তব্য অনুযায়ী, আদালত জানিয়েছেন—বিআরটিএ যেসব বাসের চলাচলের অনুমোদন দিয়েছে, সেগুলোই সড়কে চলতে পারবে। স্লিপার বাসের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় আদালতও এ ধরনের বাস চলাচলের কোনো অনুমতি দেননি।
ফলে বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচলের সুযোগ নেই বলে আদালতের আদেশে বিষয়টি স্পষ্ট হয়েছে।