সুপ্রিম কোর্টের এজলাসে উত্তেজনা

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এক আইনজীবীকে জরিমানার আদেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

2026-09-08T19:25:41+00:00
2026-09-08T19:58:22+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
সুপ্রিম কোর্টের এজলাসে উত্তেজনা
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৭:৫৮ পিএম
প্রতীকী ছবি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এক আইনজীবীকে জরিমানার আদেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে কথোপকথনের একপর্যায়ে এজলাস ত্যাগ করেছেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর দিনের বাকি সময়ে আপিল বিভাগের বিচারপতিরা আর এজলাসে ফেরেননি।

ঘটনার বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, একটি মামলায় তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক নারী আইনজীবীকে পাঁচ লাখ টাকা এবং রিটকারীকে আরও পাঁচ লাখ টাকা জরিমানা করেন আপিল বিভাগ। জরিমানার মোট ১০ লাখ টাকা ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, আদেশের পর মাহবুব উদ্দিন খোকন জরিমানার বিষয়টি তুলে ধরে ওই নারী আইনজীবীর জরিমানা মওকুফের অনুরোধ করেন। একপর্যায়ে তিনি প্রধান বিচারপতিকে বলেন, তাঁর দায়িত্ব নেওয়ার পর আপিল বিভাগে মামলার সংখ্যা কমে যাওয়ায় আইনজীবীদের আয়ও কমেছে।

এ বক্তব্যকে প্রধান বিচারপতি আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করেন এবং এরপরই এজলাস ছেড়ে চলে যান বলে জানান অ্যাটর্নি জেনারেল।

অন্যদিকে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, একজন জুনিয়র নারী আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করাকে তিনি বেশি মনে করে তা মওকুফের অনুরোধ করেছিলেন। আপিল বিভাগে বেঞ্চের সংখ্যা কমে যাওয়ায় বিচারপ্রার্থীদের পাশাপাশি আইনজীবীরাও সমস্যায় পড়ছেন—এ বিষয়টিই তিনি বোঝাতে চেয়েছিলেন।

যে মামলাকে কেন্দ্র করে ঘটনা

যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে মো. নুর আলম একাধিক রিট আবেদন করেন। এসব মামলায় তাঁর পক্ষে আইনজীবী ছিলেন মাহবুব উদ্দিন খোকন।

আদালত সূত্রে জানা যায়, একই বিষয়ে আগের মামলার তথ্য গোপন করে একাধিক রিট করায় আপিল বিভাগ রিটকারী মো. নুর আলম ও আইনজীবী সুফিয়া আহমেদকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী মামলায় গুরুতর প্রতারণার ঘটনা ঘটেছে। আগের মামলার আদেশ গোপন করে পরবর্তী রিট করায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে আপিল বিভাগ।

তিনি আরও বলেন, আদালতে মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি হতে পারে; তবে বিচার বিভাগের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: