অধ্যাপক সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:১৪ পিএম আপডেট: ২৪.০৮.২০২৬ ২:৫৪ পিএম
সংগৃহীত ছবি
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সাবেক অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সকাল পৌনে ১১টার দিকে রায় পড়া শুরু হয়।
এর আগে গত বৃহস্পতিবার মামলাটির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়ের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন হাইকোর্ট। গত ২৮ জুলাই এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছিল।
যেভাবে হত্যা করা হয় নুসরাতকে
২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান নুসরাত জাহান রাফি। ওই দিন পরিকল্পিতভাবে তাকে মাদরাসার সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অগ্নিদগ্ধ নুসরাতকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তৎকালীন বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল মারা যান নুসরাত।
এ ঘটনায় ৮ এপ্রিল নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিচারিক আদালতে ১৬ জনের মৃত্যুদণ্ড
মামলার বিচার শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দেন।
মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল ও জেল আপিল করেন।
দীর্ঘ শুনানি শেষে আজ মামলাটির রায় ঘোষণা করেন হাইকোর্ট।
হাইকোর্টে বদলে গেল সাজা
হাইকোর্টের রায়ে ১৬ আসামির মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। চারজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামির মধ্যে রয়েছেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলা।
২০১৯ সালের নুসরাত হত্যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। মাদরাসার সাইক্লোন শেল্টারের ছাদে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের দেওয়া সর্বোচ্চ শাস্তির রায় দীর্ঘ শুনানি শেষে হাইকোর্টে পুনর্বিবেচিত হলো।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮